কালবেলা · রাজনীতি
রিয়াদ বিমানবন্দরে হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর আঘাত: নেজামে ইসলাম পার্টি
১১/১০/২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
দলটি বলছে, রিয়াদ বিমানবন্দরে হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক মানুষের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।
রোববার (১১ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে দলটির আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এই তীব্র নিন্দা জানান।
তারা বলেন, বেসামরিক বিমানবন্দর ও নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিতিশীলতাকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
দলটি জানায়, সৌদি আরব মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং পবিত্র মক্কা-মদিনার ভূমি। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা মুসলিম বিশ্বের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কোনো শক্তির এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যা সংঘাতকে আরও বিস্তৃত করে গোটা অঞ্চলকে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়।
হামলায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠা কামনা করি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বেসামরিক জনগণ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের আরও বিস্তার রোধে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মাওলানা মুসা বিন ইযহার। একই সঙ্গে হতাহত বাংলাদেশিদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা এবং সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মূল প্রতিবেদনে যান ↗