সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা রাসায়নিক সার মজুতের দায়ে ‘সরকার ট্রেডার্স’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উদ্ধার করা সার তাৎক্ষণিকভাবে উপস্থিত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী সরকার ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে গোডাউন থেকে উদ্ধার হওয়া ৭৫ বস্তা সারের মধ্যে ছিল ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি সার। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে সারগুলো সরকারনির্ধারিত দামে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়।
অভিযানসূত্রে জানা যায়, বালাইনাশক (কীটনাশক) বিক্রির আড়ালে ওই প্রতিষ্ঠানের মালিক আইয়ুব আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাসায়নিক সার মজুত ও কেনাবেচা করে আসছিলেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট রোধ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান অব্যাহত থাকবে।