হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মরিয়ম বিবি (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর বুধবার (২১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কালনী-কুশিয়ারা নদীর কাকাইলছেও অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। দুইদিন আগে তিনি কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামে তার বাবা আব্দুল হাসিম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মরিয়ম প্রতিবেশীর ১৩ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে কাকাইলছেও নুরুল হক ভূঁইয়া আইডিয়াল স্কুল সংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে গোসল করতে যান। শিশুদের গোসল শেষে নিরাপদে তীরে তুলে দিলেও নিজেই স্রোতের টানে নদীতে তলিয়ে যান মরিয়ম। শিশু দুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে অনুসন্ধানের পাশাপাশি পুলিশে খবর দেন।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার সন্ধান মেলেনি। পরে সন্ধ্যার অন্ধকার নেমে আসায় ওই দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়।
পরদিন বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা একই স্থানে নদীতে মরদেহটি ভাসতে দেখে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে।
কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
