জিয়াউল হক শাহকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুর জোনে দায়িত্ব পালন করছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৯ সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিট ও জোনে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এ পদায়ন কার্যকর থাকবে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, জিয়াউল হক শাহকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুর জোনে দায়িত্ব পালন করছিলেন।
মুহা. জাহিদ হাসানকে ট্রাফিক-লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ জোন) করা হয়েছে। তিনি আগে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্বে ছিলেন।
রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-এয়ারপোর্ট জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্ব জোনে দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া এম. এম. তারিক-উল্লাহকে আইসিটি বিভাগের সহকারী পুলিশ কমিশনার (আইসিটি), মো. রাইসুল ইসলামকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর), মো. শাহিন আলম শাওনকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পশ্চিম), মো. মাজহারুল ইসলামকে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-লালবাগ), শাওন রেজাকে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) এবং মো. আশিকুর রহমানকে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-পল্লবী) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ৪ অক্টোবর পৃথক আদেশে মো. শামসুল আলম খানকে ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ওয়ারী) থেকে ট্রাফিক-লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
ডিএমপির আদেশে বলা হয়েছে, নতুন পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
