শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপের অনুকле নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অত্যন্ত আপনজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করে না। বিগত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতীকের প্রতি তাদের ভালোবাসার যে নজির স্থাপন করেছেন, তা প্রশংসনীয়। বিএনপিও প্রমাণ করেছে, তারা সবসময় সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।
পরে সাংবাদিকদের সঙ্গে এক বিফ্রিংয়ে মীর শাহে আলম জানান, শারদীয় দুর্গাপূজা যাতে দেশজুড়ে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার ও দলগতভাবে হিন্দু সম্প্রদায়ের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ানো হয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা এবং সার্বিক সুরক্ষায় নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে সরাসরি রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। এটি মূলত সব ধর্মের মানুষের প্রতি সরকারের উদার ও সমান দৃষ্টিভঙ্গিরই এক অনন্য প্রতিফলন।
প্রতিমন্ত্রী আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার সাধারণ ছুটির পরিধি এক দিন বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সরকারিভাবে দেশের প্রতিটি মন্দিরের অনুকূলে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও নিজ উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের পাশে অবস্থান নিয়েছেন।
বিরোধী দলের রাজনৈতিক আচরণের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ১১ দলীয় জোট অতীতে নানা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট আদায় করলেও বর্তমানে বিরোধী দলের আসনে বসে তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস পূর্ণ হয়েছে, অথচ এই স্বল্পসময়ের মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে তথাকথিত ‘একদফা’ দাবির আওয়াজ তোলা সম্পূর্ণ হাস্যকর। দেশের বৃহত্তর স্বার্থে বিরোধী দলকে দায়িত্বশীল আচরণ ও সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেলসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
