Published on
:
2 min read
‘উইনি-দ্য-পুহ’ বইয়ের ১০০ বছর পূর্তির দিনে আশ্চর্য ঘটনা ক্যালিফোর্নিয়াতে। ১৪ অক্টোবর আচমকা একটি কালো ভাল্লুক ক্যালিফোর্নিয়ার একটি লাইব্রেরিতে হানা দেয়। সেই লাইব্রেরির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, লাইব্রেরিতে ভাল্লুকটি ঢুকে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। মজার বিষয় হলো ভাল্লুকটি লাইব্রেরিতে থাকা মধুর জার থেকে পুরো মধু খেয়ে ফেলে। মজার এই ঘটনাটি লাইব্রেরির মালিক তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন।
সকাল ১০টায় খোলা হয় ক্যালিফোর্নিয়ার মোনো কাউন্টি ফ্রি লাইব্রেরি। পোস্ট করা ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ভাল্লুকটি ভোর সাড়ে ৬টা নাগাদ লাইব্রেরির ভিতরে ঢুকে জিনিসপত্রের গন্ধ শুকতে শুরু করে। মজার বিষয় হলো ভাল্লুকটি মধুর জার খুঁজে পায় সেখানে। সেটি খেয়ে ঘুরে বেড়াতে থাকে ওই লাইব্রেরিতে। ভাল্লুকটি পিনাট বাটার, মুঠো ভর্তি কুকিজ খেয়ে নিজের খিদে মিটিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে চলে যায়।
আর এই ঘটনাটি প্রত্যেক ভিউয়ারকে মনে করিয়ে দিয়েছে সেই বিশেষ বই ‘উইনি-দ্য-পুহ’-র কথা। উইনি-দ্য-পুহ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালের ১৪ই অক্টোবর, বইটি পাঠকদের কাছে বিখ্যাত মধুপ্রেমী ভাল্লুক হিসেবে সকলের মন জিতে নিয়েছিল। সম্প্রতি লাইব্রেরির ঘটনা দেখে লাইব্রেরির মালিক রসিকতা করে জানান, সত্যিই এ দিন ওই ভাল্লুকটি বইটির শতবর্ষ পূর্তি উপলক্ষে শ্রদ্ধা জানাতে এসেছিল।
আশ্চর্য ভাবে ভাল্লুকটি লাইব্রেরির কোনও ক্ষয়ক্ষতি করেনি। কোনও তাক পড়ে যায় নি। কোনও বইও নষ্ট হয়নি। শুধুমাত্র মধুর জারটি খুঁজে পাওয়া যায়নি। তবে লাইব্রেরির পক্ষ থেকে বইটির শতবর্ষ উপলক্ষে এলাকার বাসিন্দাদের তাঁদের সাতটি বই দোকানের মধ্যে যে কোনও একটিতে এসে উইনি-দ্য-পুহ বা ভাল্লুক সম্পর্কিত অন্যান্য বই ধার করে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
পোস্টটিতে একটি বিশেষ বার্তাও ছিল। লাইবেরি কর্তৃপক্ষ স্থানীয়দের জানিয়েছেন, ম্যামথ লেকসের আশেপাশের ভাল্লুকগুলো কোনও কাল্পনিক ভাল্লুক নয়। তাই ভাল্লুকের কাছে না যেতে এবং তাদের খাবার না দিতে অনুরোধ জানিয়েছেন তিনি।
লাইব্রেরিতে হওয়া এই মজার কাণ্ড দেখে বহু ফেসবুক ইউজার মন্তব্য করেছেন ওই পোস্টে। একজন ঠাট্টা করে লিখেছেন, ভাল্লুকটিকে দেখে পাঁচ বছরের কম বয়সি মনে হচ্ছে এবং সে হয়তো এই 'লাইব্রেরি'-তে ভর্তি হতে চাইছে। অন্য এক জন লিখেছেন, ভাল্লুকটি কোনও ক্ষতি না করেই চলে গিয়েছে দেখে তিনি স্বস্তি পেয়েছেন।
