বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি'র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে আনসার-ভিডিপি'র এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উৎসব চলাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ভাঙ্গুড়া উপজেলার ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে সর্বমোট ১৩৬ জন আনসার-ভিডিপি'র সদস্য/সদস্যা দায়িত্ব পালনে প্রস্তুত।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ বলেন, আনসার-ভিডিপি'র সদস্যরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবেন। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নিরাপদ পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে বলে মনে করছি।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভাঙ্গুড়া পৌর প্রশাসক নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টি আই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেত্রী রত্না খাতুন, ভিডিপি দলনেতা আছাদুল হক, ভিডিপি দলনেতা সেলিম রেজা, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।
