অনলাইন ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে—আইসিসির এমন চূড়ান্ত সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়েছে বিসিবি। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন প্রশ্নের মুখে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি এখনো শেষ আশাটুকু ধরে রেখেছেন। তাঁর ভাষায়, বিশ্বকাপ খেলতে হলে এখন ‘মিরাকল’ দরকার।
বুধবার আইসিসির জরুরি সভায় বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব উঠলে বেশিরভাগ দেশ এর বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ এ ক্ষেত্রে শুধু পাকিস্তানের সমর্থন পেয়েছে। ভোটাভুটিতে হেরে গিয়ে কার্যত আইসিসিতে একঘরে হয়ে পড়ে বিসিবি।
সাংবাদিকদের সঙ্গে আলাপে বুলবুল বলেন, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে খেলা নিরাপদ নয় বলেই তারা আইসিসিকে জানিয়েছেন। নিরাপত্তা উদ্বেগের কারণেই বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চায় এবং এ অবস্থান থেকে তারা এখনো সরে আসেনি।
তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারকে আবারও অবহিত করা হবে, তবে কোনো চাপ সৃষ্টি করা হবে না। সরকারের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রেখে বুলবুল বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও খেলোয়াড়দের নিরাপত্তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আইসিসির ভোটে হেরে গেলেও বিসিবি সভাপতি এখনো আশা ছাড়ছেন না। তাঁর কথায়, “দেখি, যদি আইসিসিতে কোনো মিরাকল ঘটে।”
বিশ্লেষকদের মতে, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং পরিস্থিতি বদলাতে হলে আইসিসির অবস্থান বদলানো ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো বাস্তব পথ খোলা নেই।
