কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল মাছটির ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত শুক্রবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ৯০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে ওই দিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে পাম্পমোড় এলাকায় ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় জমান।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
