মাদকাসক্তি, মোবাইলের অতিরিক্ত ব্যবহার ও হতাশা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সুস্থ জাতি গঠন এবং তরুণদের নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য তৃণমূল পর্যায় থেকেই খেলাধুলার সুযোগ বাড়াতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
অ্যাথলেটিক্সকে ক্রীড়ার জননী উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে। অন্য দেশের সাফল্যের দিকে তাকিয়ে না থেকে বাংলাদেশের অ্যাথলেটদের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি বিদ্যমান মাঠগুলো অবৈধ দখলমুক্ত ও সংরক্ষণ করতে হবে। নতুন মাঠের জন্য জায়গা চিহ্নিত করার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি স্কুল পর্যায়ে দ্রুত আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চালুর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিশ্বমানের অ্যাথলেট তৈরিতে সরকারের পাশাপাশি ব্যাংক, বিমা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতা দেওয়ার আহ্বান জানান।
প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগের প্রশংসা করেন তিনি। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উৎসাহ ও সহযোগিতার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের, সাধারণ সম্পাদক আলী ইমাম তপনসহ ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
এর আগে সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও সুমিতা রানী প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করেন। পরে খেলোয়াড় ও বিচারকেরা শপথ পাঠ করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেটদের অংশগ্রহণে শুরু হয় এবারের প্রতিযোগিতা।
