চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্না মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম হেলাল (৩৮)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন-ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।
স্থানীয়রা জানায়, হেলাল উদ্দিন একজন গরু ব্যবসায়ী। গতকাল রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আজ সোমবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্না মোড়ে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যাপারী হেলাল মারা যান। প্রচন্ড শব্দে আশাপাশের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে।
গাড়ী চালক তারাচাঁদ বলেন, ১১টি গরু নিয়ে আমরা তিনজন গতকাল রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা হই। আজ ভোর রাতে হঠাৎ চোখে ঘুম এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায় ট্রলি।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
