আগের ম্যাচে প্রতিপক্ষ জিতেছে আড়াইশো রান তাড়া করে। সেখানে শেষ ম্যাচে ২২৩ করার পর জয় এসেছে ১৪ রানে। যার পর আলোচনায় উঠে এসেছেন প্রিন্স যাদব (Prince Yadav)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষদিকে ৬ বলে অপরাজিত ১৩ রান করেন এই ভারতীয় বোলার। তাঁর ‘ক্যামিও’ ইনিংসটাই জয়-হার নির্ধারণে ভূমিকা নিয়েছে বলে মনে করছেন অনেকেই।
আর সেই ইনিংসের নেপথ্যেও রয়েছে অভিষেক শর্মর ব্যাট। এমনিতে ভারত যে লড়াই করার মতো স্কোর তুলেছে, তার অন্যতম কারণ তারকা ওপেনার। অভিষেকের ৩০ বলে ৬৯ রানের সৌজন্যে শুরুটা ভালো করেছিল ভারত। মাঝের ওভারে রান তোলার গতি কমলেও শেষ ওভারে প্রথম চার বলে তিনটে বাউন্ডারি মারেন প্রিন্স। আর যে ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন তিনি, সেটা ছিল অভিষেকের।
ম্যাচ শেষে দিল্লির পেসার নিজেই ফাঁস করেছেন সে কথা। “মাঠে নামার আগে অভিষেক ভাই ওর ব্যাটটা আমাকে দেয়। সঙ্গে বলে, ব্যাটের সম্মান রাখতে। মনে হয় আমি সেটা করতে পেরেছি। দলের জয়ে অবদান রাখতে পারলে ভালো লাগে। সেটা ব্যাটিং-বোলিং হোক বা ফিল্ডিং। ফলে জিততে পেরে ভালো লাগছে। আমি আগেও অভিষেক ভাইয়ের ব্যাট নিয়ে খেলেছি।
আয়ারল্যান্ডে ছয়ও মেরেছি। পরেরবার ওর ব্যাট নিয়েই নামব,” অভিষেককে পাশে নিয়েই বলছিলেন প্রিন্স। অভিষেক আবার বললেন, “আমি আগেও প্রিন্সের ব্যাটিং দেখেছি। ব্যাট আমার হলেও শটগুলো তো মারতে হয়েছে ওকে! আশা করছি, এমন ব্যাটিং আবারও দেখা যাবে।”
টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ বুধবার, হায়দরাবাদে। সেখানে জিতলেই সিরিজ পকেটে ভরবে ভারত। তার আগে শাস্তি পেয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ড। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে শৃঙ্খলাভঙ্গ করায় দু’জনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
