ফের ভ্রমণ নিষেধাজ্ঞা, সাজেক ছাড়লেন ৩ হাজার পর্যটক
অবরোধে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাজেকের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি চলছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছিল।
অপরদিকে, অবরোধে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকবাহী যানবাহনগুলো সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওনা দেয়।
এর আগে সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়কযোগাযোগ বিঘ্নিত হয়। পরবর্তীতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিস্থিতি বিবেচনায় বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
