ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় দুই মুখ ওমর সানী ও বাপ্পারাজ। একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। পর্দার বাইরেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধুত্বের স্মৃতিচারণা করতে গিয়ে বাপ্পারাজকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন ওমর সানী। সেখানে বন্ধুর প্রশংসা করার পাশাপাশি তার দুষ্টুমির কথাও তুলে ধরেছেন এই অভিনেতা।
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বাপ্পারাজকে একজন ভালো মানুষ, ভালো বন্ধু এবং হাসিখুশি ও দুষ্টু স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন ওমর সানী।
বিজ্ঞাপন
বাপ্পারাজের সঙ্গে একসঙ্গে অনেক সিনেমায় কাজ করার স্মৃতিচারণা করে তিনি লেখেন, ‘একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’
বাপ্পারাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে ওমর সানী জানান, নায়করাজ রাজ্জাকের সন্তান এবং নিজেও একজন ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও বাপ্পারাজের মধ্যে কখনো অহংকার দেখেননি তিনি। বরং একসঙ্গে কাজ করার সময় বাপ্পারাজের আচরণ তাকে মুগ্ধ করত।
এ প্রসঙ্গে ওমর সানী লেখেন, ‘অনেক ছবি করেছি একসঙ্গে। নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু দিন শেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।’

বন্ধুর দুষ্টুমির কথাও ভুলতে পারেননি ওমর সানী। তার ভাষ্য, বাপ্পারাজ তখন যেমন দুষ্টুমি করতেন, এখনো তেমনই করেন। পুরোনো দিনের সেই মজার মুহূর্তগুলো মনে করে অভিনেতা লিখেছেন, ‘আর এত দুষ্টুমি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।’
বিজ্ঞাপন
পোস্টে বাপ্পারাজকে নিজের ও চিত্রনায়িকা মৌসুমীর ভালো বন্ধু হিসেবেও উল্লেখ করেছেন ওমর সানী। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরঞ্চ আমরা খারাপ।’
সবশেষে নিজের প্রজন্মের একজন অভিনেতা হিসেবে বাপ্পারাজকে নিয়ে গর্বের কথাও জানান ওমর সানী। তবে বন্ধুর প্রশংসার মধ্যেও দুষ্টুমির প্রসঙ্গ টেনে মজার ছলে লেখেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিন শেষে বলি, আপনি অনেক দুষ্টু।’
এমআই/এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
