বর্ষীয়ান সংগীতশিল্পী দালের মেহেন্দির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মঞ্চে গান গাওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এবার ভাইয়ের পাশে দাঁড়িয়ে অভিযোগের কড়া জবাব দিয়েছেন গায়ক মিকা সিং। তাঁর দাবি, সাম্প্রতিক অস্ত্রোপচারের পর শারীরিকভাবে অসুস্থ ছিলেন দালের মেহেন্দি।
ভারতের উত্তরাখণ্ডের নরেন্দ্রনগরে একটি মঞ্চানুষ্ঠানে দালের মেহেন্দির পরিবেশনা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক সুবোধ উনিয়াল। শুধু তা-ই নয়, গায়ক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার সব অভিযোগের জবাব দিয়ে ভাইয়ের সমর্থনে কথা বলেছেন মিকা সিং।
একটি ভিডিওবার্তায় মিকা স্পষ্ট জানিয়ে দেন, কেউ যদি প্রমাণ করতে পারেন যে দালের মেহেন্দি মদ্যপান করেন, তাহলে তিনি সংগীতজগৎ ছেড়ে দেবেন।
ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে মিকা বলেন, দালের মেহেন্দিকে মদ্যপান করতে দেখেছেন, এমন একজন ব্যক্তিও যদি সামনে এসে দাবি করেন, তাহলে তিনি গান গাওয়া ছেড়ে দেবেন।
মিকার দাবি, সম্প্রতি বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়ায় শারীরিকভাবে অসুস্থ ছিলেন দালের মেহেন্দি। তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সফলভাবে কাজ করছেন তিনি। মিকার বক্তব্য, শারীরিক অসুস্থতা সত্ত্বেও পেশাগত প্রতিশ্রুতি রক্ষা করতেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁর ভাই।
শিল্পীদের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে মিকা জানান, অনেক সময় শারীরিক অসুস্থতা কিংবা ক্লান্তি থাকা সত্ত্বেও পূর্বনির্ধারিত অনুষ্ঠান করতে হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, শিল্পীরা একবার কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার চেষ্টা করেন। এমনকি ১০৪ ডিগ্রি জ্বর থাকলেও আগে থেকে কথা দেওয়া থাকলে তাঁরা অনুষ্ঠানে যান। পারিশ্রমিকের পরিমাণ বেশি হোক বা কম, পেশাগত দায়বদ্ধতাকে গুরুত্ব দেন তাঁরা। দালের মেহেন্দিও হয়তো সেই দায়বদ্ধতা থেকেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
বিধায়ক সুবোধ উনিয়ালের অভিযোগ প্রসঙ্গে মিকা স্বীকার করেন, অনুষ্ঠানের জন্য অর্থ দেওয়ার পর পরিবেশনার মান নিয়ে প্রশ্ন তোলার অধিকার আয়োজকদের রয়েছে। তবে পরিবেশনার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করা এবং একজন শিল্পীকে মদ্যপ বলে অভিযুক্ত করা এক বিষয় নয়। দালের মেহেন্দির বিরুদ্ধে ওঠা মদ্যপানের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
ভাইয়ের দীর্ঘ সংগীতজীবনের প্রসঙ্গ তুলে মিকা বলেন, দালের মেহেন্দিকে কখনো মদ্যপানের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। তাই তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
উত্তরাখণ্ডের নরেন্দ্রনগরে ওই মঞ্চানুষ্ঠানের কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসার পর বিতর্কের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, বিধায়ক সুবোধ উনিয়াল মঞ্চে উঠে দালের মেহেন্দির পরিবেশনা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তাঁর অভিযোগ ছিল, দালের ঠিকমতো গান গাইতে পারছিলেন না এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ শিল্পীর পরিবেশনা নিয়ে সমালোচনা করেন, আবার অনেকে দালের মেহেন্দির সমর্থনে কথা বলেন। এ পরিস্থিতিতে মিকা সিংয়ের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মঞ্চানুষ্ঠান ঘিরে বিতর্কের বাইরেও দালের মেহেন্দি সাম্প্রতিক বছরগুলোতে সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া কমেডি চলচ্চিত্র ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে তাঁর জনপ্রিয় গান ‘না না না না না রে’ নতুন করে ব্যবহার করা হয়। ছবিটিতে অভিনয় করেছেন রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি।
দীর্ঘদিনের জনপ্রিয় এই গায়ককে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নজর রয়েছে তাঁর ভক্ত ও সংগীতপ্রেমীদের। তবে মিকা সিংয়ের বক্তব্যে স্পষ্ট, ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানাতে এবং তাঁর পেশাগত নিষ্ঠার পক্ষে অবস্থান নিতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
এমএ
