চোটের সঙ্গে আনরিখ নর্কিয়ার সম্পর্কটা যেন পুরোনো। বারবার চোটে পড়েছেন, আবার ফিরেছেন। এবারও ফিরেছিলেন সাড়ে তিন বছরের বেশি সময় পর। কিন্তু টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এই পেসারের প্রত্যাবর্তনের গল্পটা দীর্ঘ হলো না। আবারও চোট, আবারও মাঠের বাইরে নর্কিয়া!
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন নর্কিয়া। কুঁচকির চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। অথচ চোটের শঙ্কা ছিল আগে থেকেই। দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে থাকা নর্কিয়াকে টানা দুই ম্যাচ খেলানো যে ঝুঁকিপূর্ণ, সেটি পরে স্বীকারও করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের সকালে বোলিং করতে নেমেছিলেন নর্কিয়া। কিন্তু নিজের চতুর্থ ওভার চলার সময়ই মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপর আর মাঠে ফিরতে পারেননি। ম্যাচের বাকি সময়টা কাটিয়েছেন ড্রেসিংরুমে। শেষ পর্যন্ত জানা গেল, সিরিজের শেষ টেস্টেও খেলা হচ্ছে না তাঁর।
নর্কিয়া টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন ডারবানে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে। এর আগে সাড়ে তিন বছরেরও বেশি সময় লাল বলের ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচে অবশ্য ভালোই বোলিং করেছিলেন। দুই ইনিংসে দুটি করে মোট চার উইকেট নেন। সব মিলিয়ে বোলিং করেন ৪০ ওভার।
এত দীর্ঘ বিরতির পর টেস্টে ফেরায় দ্বিতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে নর্কিয়ার অতীত চোটের ইতিহাস বিবেচনায় তাঁকে নিয়ে সতর্ক থাকার যথেষ্ট কারণও ছিল। কিন্তু প্রথম টেস্টে কোনো শারীরিক সমস্যা না হওয়ায় দ্বিতীয় টেস্টের একাদশেও তাঁকে রাখে দক্ষিণ আফ্রিকা।
সেই সিদ্ধান্ত যে ঝুঁকিপূর্ণ ছিল, পরে তা স্বীকার করেছেন অধিনায়ক বাভুমাও। শেষ পর্যন্ত সেই ঝুঁকির মূল্যই দিতে হলো দক্ষিণ আফ্রিকাকে।

তবে নর্কিয়ার জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। শুরুতে তাঁর চোট যতটা গুরুতর বলে আশঙ্কা করা হয়েছিল, পরীক্ষার পর ততটা গুরুতর মনে হচ্ছে না। যদিও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়।
নর্কিয়ার অনুপস্থিতিতে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে জায়গা পাওয়ার দৌড়ে আছেন জেরাল্ড কোয়েৎজি, অলরাউন্ডার করবিন বশ ও ডেন প্যাটারসন। বিকল্প হিসেবে বিবেচনায় আছেন বাঁহাতি স্পিনার সেনুরান মুথুস্বামীও।
আগামী মঙ্গলবার শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা। অর্থাৎ শেষ টেস্টেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
