নাগরপুর উপজেলার আকতারাইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দোতলা ও তিনতলাবিশিষ্ট নতুন ভবনের চলমান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু এমপি। শুক্রবার সকালে আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন আব্দুল আউয়াল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মনোয়ারা বেগম মুকুল। আরও বক্তব্য দেন, আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল আউয়াল লাভলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছি। এ নতুন ভবন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথকে আরও প্রশস্ত করবে বলে আমি বিশ্বাস করি। এ সময় তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।