স্টাফ রিপোর্টার : সিলেটের বালাগঞ্জে হাসপাতালে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ঘটনার প্রায় ১৯ বছর পর আসামি সুমেল খাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি দৈনিক জালালাবাদকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোশতাক আহমদ। রায় ঘোষণাকালে আসামী আদালতে হাজির ছিলেন বলেও জানান তিনি।
মামলার নথি অনুযায়ী, দণ্ডিত সুমেল খা বালাগঞ্জ উপজেলার গোপকান গ্রামের তোইমুজ খার ছেলে। ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ৬ নভেম্বর শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
রায়ে জরিমানার ১০ লাখ টাকা ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি অর্থ পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমান সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে অর্জিত সম্পদ থেকেও তা আদায় করা যাবে। এছাড়া আসামিকে কারাগারে পাঠাতে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৩৫-এ ধারা অনুযায়ী, হাজতে কাটানো সময়ের সুবিধাও পাবেন দণ্ডিত আসামি।
