কালবেলা · রাজনীতি
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: প্রতিমন্ত্রী আমিনুল
২০/১০/২০২৬

বর্তমান বিশ্বে ও বাংলাদেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে ঘরে ঘরে জ্বালানি ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হলে দেশের আমূল পরিবর্তন করা যাবে। এ লক্ষ্যে সরকার দেশের সর্বত্র বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে কাজ করছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চরপাড়ায় স্থানীয় উদ্যোক্তা আবু তাহের রহমানীর স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেরও সম্ভাবনা রয়েছে।
স্থানীয় উদ্যোক্তা আবু তাহের রহমানী জানান, তার স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট থেকে বর্তমানে এলাকার ১৫টি পরিবারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে তিনি গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চান। এতে স্থানীয় পর্যায়ে জ্বালানির চাহিদা পূরণে আরও বেশি অবদান রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, উদ্যোক্তা আবু তাহের রহমানী এর আগে কৃষি খাতে অবদানের জন্য সরকারি স্বীকৃতি পেয়েছেন।
যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাতামুহুরী উপজেলার অতিরিক্ত (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ শাহীন দেলোয়ারসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ এবং নির্বাচিত দুজন উদ্যোক্তার হাতে চেক তুলে দেন প্রতিমন্ত্রী।
যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের বাস্তবায়নে এ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗