কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুমনকে থানায় আটক রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে আজ সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটোয়ারটেক সৈকত এলাকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। কাঠের তৈরি তিনতলা ভবনটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ছয়জন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, উদ্ধার অভিযান চলাকালে রিসোর্টের সব কক্ষ তল্লাশি করা সম্ভব হয়নি। ফলে হতাহতের পূর্ণাঙ্গ চিত্র নিশ্চিত করতে উদ্ধারকাজ চালানো হয়।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।
