পশ্চিম তীরে জলপাইবাগানে হামলা, আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ফিলিস্তিনের পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় হামলা চালিয়ে জলপাইবাগান পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এতে অন্তত দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের একজন ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হেইডি লেভিন।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) ফিলিস্তিনের আবু ফালাহ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কালো পোশাক ও মুখোশ পরা প্রায় ৮০ জন বসতি স্থাপনকারী পাহাড়ের ওপর থেকে জলপাইবাগানে নেমে এসে গ্রামবাসীদের লক্ষ্য করে পাথর ছোড়েন। তাদের কয়েকজনের হাতে গ্যাসের ক্যানিস্টারও (ছোট বাক্স) ছিল।
হামলার সময় গ্রামবাসী জলপাই সংগ্রহ করছিলেন। বসতি স্থাপনকারীরা বাগানের সামনে অবস্থান নিয়ে পাথর ছুড়তে থাকলে গ্রামবাসীরাও আত্মরক্ষায় পাল্টা পাথর ছোড়েন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক মুতাজ আবদেলহাদি বলেন, ‘বসতি স্থাপনকারীরা আমাদের ওপর হামলা চালাতে এবং বাড়িঘর থেকে উচ্ছেদ করতে চায়।’
হামলার একপর্যায়ে ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত দুটি জিপ ঘটনাস্থল দিয়ে দ্রুত চলে যায়। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়েন। এ সময় গুলির শব্দও শোনা যায়। রয়টার্সের আলোকচিত্রী একজন সশস্ত্র বসতি স্থাপনকারীকে গুলিও ছুড়তে দেখেন বলে জানা গেছে।
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানান, আহত দুজনকে রামাল্লা এলাকার হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী সংস্থা ইয়েশ দিনের তথ্য অনুযায়ী, বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুম শুরুর পর ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলার ঘটনা ঘটেছে।
এর আগে শুক্রবার সকালে তুরমুস আয়া গ্রামের কাছেও বসতি স্থাপনকারীরা জলপাই সংগ্রহরত কৃষকদের ওপর হামলা চালায়। এ সময় তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী সালাহ আবু নিসওয়া বলেন, ‘তারা চোরের মতো লুকিয়ে এসে এক ব্যক্তিকে একা পেয়ে মারধর শুরু করে।’
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকারের আমলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি ও ছোট ছোট বসতি চৌকির সম্প্রসারণ দ্রুত হয়েছে। নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনা করলেও এসব ঘটনা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার পাশাপাশি ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে।
পশ্চিম তীরে প্রায় পাঁচ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী ও অন্তত ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতিকে অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল এ অবস্থান প্রত্যাখ্যান করে অঞ্চলটিকে অধিকৃত ভূখণ্ডের পরিবর্তে বিতর্কিত এলাকা হিসেবে বিবেচনা করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
