জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত যেসব শিক্ষক-কর্মচারী রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন, তাদের সরকারি পারসোনেল ডেটা শিটে (পিডিএস) নিবন্ধনের জন্য পূর্বের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনাকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মাউশির পরিচালক অধ্যাপক মো. নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তের আলোকে যেসব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে জাতীয়করণ করা হয়েছে এবং সেসব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে, তাদের সরকারি পিডিএসে নিবন্ধন নিশ্চিত করতে পূর্বে পাওয়া এমপিও ইনডেক্স কর্তন করা আবশ্যক।
এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেসব শিক্ষক-কর্মচারী আগে এমপিওভুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন, তাদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তনের জন্য আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানেরা ‘এমপিও অনলাইন সফটওয়্যার’-এর মাধ্যমে অথবা মাউশিতে হার্ডকপি আবেদন জমা দিয়ে ইনডেক্স কর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন করতে হবে।
মাউশি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, যথাযথ প্রক্রিয়ায় আবেদন জমা দিয়ে এমপিও ইনডেক্স কর্তনের পরই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে পিডিএসে অন্তর্ভুক্ত হতে পারবেন।