যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের কৃষক রন ওয়ালেসের ফলানো বিশালাকার কুমড়া ওজনে নতুন বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে। এর মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাজ্যে নতুন রেকর্ড গড়েছিলেন এক কৃষক।
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড গড়ার পথে এটি আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত ১০ অক্টোবর কুমড়াটির ওজন পাওয়া গেছে ১ হাজার ৪৩১ দশমিক ৫ কেজি বা ৩ হাজার ১৫৬ পাউন্ড।
অস্বাভাবিক দ্রুততায় বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড হাতবদল হয়েছে। সাধারণত এ বিভাগে নতুন রেকর্ড গড়তে কয়েক বছরও লেগে যায়। এর আগে ৩ অক্টোবর যুক্তরাজ্যের বার্কশায়ারে আয়োজিত এক প্রতিযোগিতায় কৃষক ইয়ান প্যাটনের ফলানো কুমড়ার ওজন ছিল ১ হাজার ২৯৫ দশমিক ৮ কেজি বা ২ হাজার ৮৫৬ পাউন্ড ১২ দশমিক ৮ আউন্স। সেটিই তখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ছিল।
রন ওয়ালেসের নতুন কুমড়াটি আগের রেকর্ডের চেয়ে প্রায় ১৩৬ কেজি বেশি ভারী। ৬০ বছর বয়সি ওয়ালেস বাগান করার সরঞ্জাম বিক্রির একটি অনলাইন ব্যবসা পরিচালনা করেন। নিজের দীর্ঘ উদ্যানতাত্ত্বিক জীবনে এবার নিয়ে তৃতীয়বারের মতো সবচেয়ে ভারী কুমড়া ফলানোর কৃতিত্ব অর্জন করলেন তিনি।
রোড আইল্যান্ডের ওয়ারেন এলাকার ফ্রেরিখস ফার্মে ‘সাউদার্ন নিউ ইংল্যান্ড জায়ান্ট পাম্পকিন ওয়েই-অফ’ প্রতিযোগিতায় কুমড়াটির ওজন নির্ধারণ করা হয়। গ্রেট পাম্পকিন কমনওয়েলথের কর্মকর্তারা কুমড়াটির মান যাচাইয়ের কঠোর পরীক্ষা শেষে ওজন মাপার অনুমতি দেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে (জিডব্লিউআর) ওয়ালেস বলেন, এ বছরই প্রথম অমি গ্রিনহাউসে কুমড়া চাষ করলাম। মৌসুমের বেশির ভাগ সময় আবহাওয়া প্রায় নিখুঁত ছিল। তবে প্রতিযোগিতায় ওজন মাপার সময় আমি ক্লান্তিতে ভেঙে পড়েছিলাম। দীর্ঘ একটি মৌসুম শেষে কুমড়াটির ওজন দেখে আমি ভীষণ খুশি।
কুমড়াটি দিয়ে ৩ হাজারেরও বেশি পাই তৈরি করা সম্ভব। ইতিহাসে প্রথমবারের মতো কোনো কুমড়া ৩ হাজার পাউন্ডের সীমা অতিক্রম করায় এটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
প্রতিযোগিতার প্রধান বিচারক ম্যাথিউ ডিবাকো বলেন, অভিজ্ঞ উদ্যানতত্ত্ববিদের পরিচর্যায় প্রকৃতি কতটা বিস্ময়কর সৃষ্টি করতে পারে, এত বিশাল কুমড়া তারই প্রমাণ।
এর আগে বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলেমাইনসের ফলানো ১ হাজার ১৯০ দশমিক ৪৯ কেজি ওজনের কুমড়া ২০১৬ সালের ৯ অক্টোবর থেকে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় পাঁচ বছর বিশ্বরেকর্ড ধরে রেখেছিল।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস