কক্সবাজারের মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় রিসোর্ট মালিক তানভীর ও ম্যানেজার সুমনসহ কয়েকজন আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উখিয়া থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) মামলাটি দায়ের করেন। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকালে আটক হওয়া টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া জেলা প্রশাসনের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও রহস্য উন্মোচনে কাজ করছে।
শনিবার সকালে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১০ জনের মরদেহ উদ্ধার করে।
তিনতলা কাঠের তৈরি টুপটুপ রিসোর্টটির নিচতলায় ছিল রেস্তোরাঁ। সেখানে খাবার তৈরি করা হতো। দোতলা ও তিনতলায় পর্যটকদের থাকার ব্যবস্থা ছিল।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিকটতম ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
