মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কোস্ট গার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়
মনির হোসেন, মোংলা
- আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মোংলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মঈনুল হাসান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজায় আসা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
পরে দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধর্মীয় উৎসব, উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জানমাল রক্ষায়ও কাজ করছে এ বাহিনী।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের আওতাধীন এলাকাগুলোতে ৩ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা কাজ করছেন।
কোস্ট গার্ডের পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।
রিয়ার অ্যাডমিরাল এম মঈনুল হাসান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিসর্জনস্থলগুলোতে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক।
