বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের পোশাক কারখানার শ্রমিকরা এই আন্দোলন গড়ে তোলেন।
আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী আজম জানান, এর আগে ১০ অক্টোবর একই দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নির্ধারিত দিনেও বেতন পরিশোধ না করে উল্টো টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে উল্টো বৃহস্পতিবার কারখানার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করতে বাধ্য হন।
মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ রুটের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় এবং কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেয়। তবে শ্রমিকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকেদি সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে অবরোধ চালিয়ে যাওয়ায় বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারখানার মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয় উল্লেখ করে তিনি জানান, মালিকপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
