শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পর থেকে সেখানে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের স্বজনদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে। প্রবাসীদের সতর্কতা অবলম্বন, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট দূতাবাসের নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভিসা প্রতারণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতারণা প্রতিরোধে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানে সিলগালা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। ভিসা প্রতারণা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে ভূমিকা রাখারও পরামর্শ দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, রিক্রুটিং এজেন্সির পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সিও এখন শ্রমিকদের বিদেশে পাঠানোর কাজ করছে, যা তাদের মূল কাজ নয়। বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াকে নিয়মের মধ্যে আনতে প্রতিটি স্তরে অনলাইন পদ্ধতি চালু করা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
