বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টা পর্যন্ত ওয়েবসাইটটি ব্যবহারকারীদের জন্য অপ্রবেশযোগ্য ছিল। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা দেখা যায়। তবে এটি পুনরায় চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’র নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব ত্রুটি শনাক্ত করেছে বলে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক সাইবার নিরাপত্তা দুর্বলতা নিয়ে সরকারও সতর্কতা জারি করেছে।
এর আগে ২০১৬ সালে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই ঘটনায় হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়।
ওই ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।
