মাদারীপুরের শিবচর উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় চান মিয়া মাদবর (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি ওই রোগী যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা পাননি বলে দাবি করেছেন তার স্বজনেরা।
বিজ্ঞাপন
তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. আল মমিন।
সোমবার মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নিহত চান মিয়া মাদবর শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের দক্ষিণ চরকামারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার বেলা আনুমানিক ১২টার দিকে মাথায় বাঁশ পড়ে গুরুতর আহত হন চাঁন মিয়া। পরে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে আধা ঘণ্টা চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয় । পরে তার মাথায় সেলাই দেওয়া হয়। কোন পর্যবেক্ষণ ছাড়াই তাকে পাশের একটি বেডে প্রায় দেড় ঘণ্টা ফেলে রাখা হয়।
পরিবারের দাবি, এ সময় তাকে যথাযথ ও জরুরি চিকিৎসা দেওয়া হয়নি। একপর্যায়ে বেলা আনুমানিক ২টার দিকে হাসপাতালের ওই বেডেই তার মৃত্যু হয়।
এদিকে, চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. আল মমিন। তার বক্তব্য, ‘রোগীকে হাসপাতালে আনার পর সাধ্যমতো ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়েছে। আমাদের পক্ষ থেকে চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।’
এমই
