Published on
:
1 min read
পুজোর আনন্দ-উল্লাসের মধ্যেই প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে ঢুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রবিবার, দ্বিতীয় সপ্তমীর দিনে। জানা গিয়েছে, বাঁকুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের ধর্মরাজপল্লিতে থাকেন প্রাক্তন সেনাকর্মী বঙ্কিম ঢক। রবিবার সন্ধ্যায় তিনি সপরিবার ঠাকুর দেখতে গিয়েছিলেন। সে সময়ে বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগেই বাড়িতে ঢুকে সোনার গয়না লুট করা হয়েছে বলে অভিযোগ বঙ্কিমের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলেন বঙ্কিম। সেই সময়ে বাড়িতে কেউ ছিলেন না। বেশ কিছুক্ষণ পরে রাত সওয়া ন’টা নাগাদ বাড়ি ফেরেন তাঁরা। ফিরে দেখেন, বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ। এরপরে বাড়ির পিছন দিকে গিয়ে তাঁরা দেখেন বাথরুমের জানলার গ্রিল কাটা রয়েছে। ভিতরে আলো জ্বলছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা।
এর পরে পুলিশ এলে বাড়ির মধ্যে ঢুকে বঙ্কিম দেখেন ঘরের মধ্যে আলমারির লকার ভাঙা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের জিনিসপত্র, খাট-বিছানাও। লকার ভেঙে চোরেরা সমস্ত সোনার গয়না নিয়ে গিয়েছে বলে অভিযোগ বঙ্কিমের। তাঁর দাবি, প্রায় ৯০ হাজার টাকার গয়না খোয়া গিয়েছে।
বঙ্কিমের দাবি, আগে থেকেই কেউ বা কারা বাড়ির উপরে নজর রাখছিল। ফাঁকা বাড়ির সুযোগে বাড়িতে ঢুকে চুরি করা হয়েছে বলে অভিযোগ তাঁর। ঘটনার তদন্ত করছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
