‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কালাই পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
পৌরসভার টিএন্ডটি এলাকায় বিডি ক্লিন ও স্কাউটসের ৪০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে শুরু হওয়া এ অভিযান পৌরসভার পোস্ট অফিস এলাকা, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে পরিচালিত হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব এবং কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম সাইফুল ইসলাম।
এ ছাড়া বিডি ক্লিন, স্কাউটস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করার ওপরও গুরুত্ব দেয়া হয়।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এ জন্য বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকায় যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
