Published on
:
1 min read
এই সময়: স্ত্রীকে কুপিয়ে খুন করে আমেরিকা থেকে ভারতে পালিয়ে আসার আগেই ধরা পড়ে গিয়েছেন পুলিশের জালে। ঘটনাটি অগস্টের। ধৃত ৩১ বছরের ভারতীয় যুবকের নাম অঙ্কুর প্যাটেল। অঙ্কুর ও তাঁর স্ত্রীয়ের মধ্যে বনিবনা না হওয়ায় মে মাস থেকেই আলাদা থাকছিলেন। অঙ্কুরের স্ত্রী তাঁর এক সহকর্মীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাঁদের মেয়ে থাকত বাবার কাছেই।
তবে অঙ্কুর স্ত্রীকে মেয়ের সঙ্গে কথা বলতে দিতেন না বলে অভিযোগ। অঙ্কুর বারবার স্ত্রীকে ফোন করে মেরে ফেলার হুমকি দিতেন। অপরাধটি ঘটানোর সপ্তাহ দুই আগে অঙ্কুর স্ত্রীকে না জানিয়ে তাঁদের সন্তানকে ভারতে নিজের বাবা-মায়ের কাছে পাঠিয়ে দিয়ে নিজে শিকাগোতে আত্মীয়দের বাড়ি চলে যান।
পুলিশ জানিয়েছে, অঙ্কুর একদিন তাঁর স্ত্রীকে মেয়ের সঙ্গে দেখা করার জন্য আসতে বলেন। মহিলা তাঁর নতুন পার্টনারকে নিয়ে অঙ্কুরের অ্যাপার্টমেন্টে যান। পার্টনার বাইরে গাড়িতে অপেক্ষা করতে থাকেন। এ দিকে অঙ্কুরের স্ত্রী মেয়ে ভারতে চলে গিয়েছে শুনে স্তম্ভিত হয়ে যান ও দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। সেই সময়েই অঙ্কুর ছুরি দিয়ে স্ত্রীয়ের গলায় কোপান বলে অভিযোগ।
অনেকক্ষণ তাঁর বান্ধবী ফিরছেন না দেখে ওই ব্যক্তি পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে অ্যাপার্টমেন্ট ফাঁকা! এ দিকে অঙ্কুর ভারতে পালিয়ে যাবেন ভেবে শিকাগো বিমানবন্দরে যান, কিন্তু টিকিট না মেলায় সেদিন তিনি বিমানে উঠতে পারেননি। ধরা পড়ে যান পুলিশের জালে।
