দীর্ঘ সাত বছর বন্ধ থাকা ঢাকার মগবাজারের পেয়ারাবাগ অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের চার লেনবিশিষ্ট রেলপথের উন্নয়নকাজ পরিচালনায় আইনি বাধা দূর হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতের দেয়া আদেশের ফলে এই উন্নয়নকাজ পরিচালনার আইনি বাধা দূর হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের যে চারলেন বিশিষ্ট রেললাইনের কাজ তা চলতে থাকবে।
এই মামলায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। অপর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল আমিন।