ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ মোতাবেক ৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন বসবে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আদেশে উল্লেখ করা হয়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ০৯ নভেম্বর রোজ সোমবার বিকাল ০৩:৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ খ্রিষ্টাব্দের ৪থ) অধিবেশন আহ্বান করিতেছি।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।
