নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় এলাকাবাসী।
গ্রেপ্তারকৃত মোশাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁও উপজেলার ‘বারদী মছলন্দপুর দারুল উলুম মাদ্রাসা’য় শিক্ষকতা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলাম ওই শিশুকে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর রোববার বিকেলে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরুর পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
