ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২১ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসমাগমপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার ১৭ অক্টোবর সকাল ৯ টায় জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার নির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাস্তবায়নে এ অভিযান অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া। আয়োজকদের পক্ষ জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাকিল জাহান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার কাজী খাইরুল ইসলাম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক মোহাম্মদ শাওন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ধর্মবিষয়ক সম্পাদক সাঈদ আব্দুল্লাহ হিমু, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ খান জুবায়ের, সদস্য সিয়াম আহমেদ, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধবিষয়ক সম্পাদক ইব্রাহীম সওদাগর জয় এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সাকিব হাসান নিরব। বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার লজিস্টিক মনিটর ধ্রুব চন্দ্র দাসসহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকেরাও অভিযানে অংশ নেন।
কর্মসূচিতে রেলওয়ে স্টেশন এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু এক দিনের অভিযান যথেষ্ট নয়; বরং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং সম্মিলিতভাবে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসমাগমপূর্ণ স্থান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
