গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও তার ছয় বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের দিকে যাচ্ছিল খুলনা মেট্রো-১১-২৫৬৫ নম্বরের একটি মাছবাহী পিকআপ।
এ সময় বিপরীত দিক থেকে মুকসুদপুরের দিকে আসা একটি অটোভ্যানকে পিকআপটি চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআলো/আমিনা