বাংলাদেশ সমাচার
নির্বাচনী ইশতেহার নিয়ে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব দেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, সুশাসন নিশ্চিত হওয়ার একমাত্র পথ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না। তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতমুক্ত হতে পারে—তা প্রমাণ করার দায় রাজনৈতিক নেতৃত্বের ওপর রয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।
জামায়াত আমির লেখেন, গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন একটি ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সমালোচনার জন্য উন্মুক্ত।
প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে নিজের রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই একটি উন্মুক্ত মঞ্চে দু’পক্ষের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে। সেখানে জনগণই সিদ্ধান্ত নেবে—কোন দৃষ্টিভঙ্গি দেশের জন্য উপযুক্ত।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
