Published on
:
1 min read
মন্দারমণির সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া ছয় বন্ধুর মধ্যে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছিল চার জনকে। শুক্রবার সকালে উদ্ধার করা হল শাহিল খানের দেহ। তাঁর বাড়ি হাওড়ায়। এখনও নিখোঁজ হাওড়ারই বাসিন্দা শাহিদ খান। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে একসঙ্গে সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন ছয় বন্ধু। রাতেই ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছিল। শুক্রবার সকালে সমুদ্র থেকে শাহিলের খান দেহ উদ্ধার হয়। তাঁর আত্মীয় শাহিদ খানের খোঁজে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ও ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার হাওড়ার ডোমজুড় থেকে ছয় বন্ধু মন্দারমণিতে ঘুরতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁরা সমুদ্র স্নান করতে নামেন। সেই সময়ে ছয় জনকে তলিয়ে যেতে দেখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও ডুবুরিরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। জীবিত উদ্ধার করা হয় চার জনকে। কিন্তু বৃহস্পতিবার দু’জনকে উদ্ধার করা সম্ভব হয় নি।
তবে, হাওড়ার বাসিন্দা শাহিদ খানের পরিবারের লোকজন দাবি করেন, শাহিল ও শাহিদ খান দু’জনে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। বাকি চার জন হোটেলেই ছিলেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ শেষ বার পরিবারের সঙ্গে কথা হয়েছিল ওই দুই যুবকের। তার পরেই স্নান করতে গিয়েছিলেন। রাতে এই দুর্ঘটনার খবর পেয়ে ভেঙে পড়ছেন তাঁরা। ছেলেদের বাড়ি ফেরার অপেক্ষা করছেন পরিবারের লোকজন।
