ঢাকা,১২ অক্টোবর- পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।
নগর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের সুরক্ষায় এসব উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ রাজধানীর উত্তর শাহজাহানপুরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী দেওয়ায় হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।
নগর পরিচ্ছন্ন রাখতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম বলেন, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য রাখতে হবে এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার রাখতে হবে।
ডিএসসিসির প্রশাসক আরও বলেন, যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করা গেলে নগরের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও বহুগুণে কমানো সম্ভব হবে।
নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আবদুস সালাম আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। নিজেদের অভ্যাসে পরিবর্তন আনতে পারলে ঢাকা শহরের চিত্রও দ্রুত বদলে যাবে।
নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও সুন্দর করে তুলতে ডিএসসিসি ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরে এসটিএসের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে নেওয়া এ উদ্যোগের লক্ষ্য হলো সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো।
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশ আরও উন্নত হওয়ার পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমও আরও গতিশীল হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট।
এসব উপকরণ দায়িত্ব পালনের সময় কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে সহায়তা করবে।
ডিএসসিসির উদ্যোগে এরই মধ্যে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ এবং বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ১২ অক্টোবর ২০২৬
