জুলাই আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ক্ষমতাচ্যূত আওয়ামী লীগের নেতা আবুল মনছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নম্বর ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে জুলাই বিপ্লব এবং আগষ্টের মার্ডার মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারাগার থেকে বের হয়ে দলকে সুসংগঠিত ও এলাকায় আতঙ্ক সৃষ্টিতে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা খরচের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পাঁচলাইশ থানা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আবুল মনছুরকে গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ একাধিক মামলা রয়েছে। জামিনে কারাগার থেকে বের হয়ে তিনি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে নানা কর্মসূচি পালন করেছেন। এছাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বিপুল পরিমাণ টাকা ব্যয় করে নানা কর্মসূচি পালনের নেপথ্যেও রয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের নিয়ে রাতের আঁধারে তিনি বেশকিছু এলাকায় মিছিলও করেছেন। এ সংক্রান্ত বেশকিছু তথ্য-প্রমাণ হাতে এসেছে আমাদের। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।’
গ্রেপ্তারকৃত আবুল মনছুর বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য। তার বিরুদ্ধে নগরের বাকলিয়া, চান্দগাঁও, হাটহাজারীসহ একাধিক থানায় মামলা রয়েছে। গত ১৮ জুন জামিনে কারাগার থেকে বের হন তিনি।
প্রসঙ্গত, চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে তার ইউনিয়ন পরিষদের ১০ সদস্যের আনীত অনাস্থা প্রস্তাব এবং গুরুতর ৬টি অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
The post জুলাই হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আবুল মনছুর গ্রেপ্তার appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
