দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে পরিচিত করা এবং পরিবর্তনশীল চাকরির বাজারের উপযোগী করে প্রস্তুত করার লক্ষ্যে ইউল্যাবে এইচআর সামিট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের প্রধান, শিল্প খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে শিক্ষার্থীদের সঙ্গে পেশাজীবীদের সরাসরি মতবিনিময়ের পাশাপাশি ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, সিভি তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে আলোচনা হয়।
ইউল্যাবের স্কুল অব বিজনেসের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার সার্ভিস অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত ‘প্রফেশনাল সিভি কম্পিটিশন-২০২৬’-এর অংশ হিসেবে সিভি প্রতিযোগিতা, সেরা সিভি পুরস্কার, প্যানেল আলোচনা, ক্যারিয়ারবিষয়ক পরামর্শ এবং সিভি তৈরির কৌশল নিয়ে বিশেষ সেশনের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরা তিনটি সিভির জন্য পুরস্কার ও সনদ এবং সেরা ১০টি সিভির জন্য ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা পরে দেশের করপোরেট খাতের অভিজ্ঞ মানবসম্পদ বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘বাংলাদেশের চাকরির বাজারে এআই বিপ্লবের ফলে পরিবর্তিত শিল্প ও কর্মপরিবেশের সঙ্গে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা কীভাবে নিজেদের প্রস্তুত করবেন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউল্যাব স্কুল অব বিজনেসের বিবিএ প্রোগ্রামের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. এ এফ ওয়াজির আহমদ শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের আহ্বান জানান।
অন্যদিকে, ইউল্যাব স্কুল অব বিজনেসের গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামের পরিচালক ও সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ তৌহিদ রিয়াজ ধারাবাহিক শেখা, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন এবং করপোরেট খাতের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। তিনি পরিবর্তনশীল চাকরির বাজারের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।
আলোচনায় অংশ নেন RAK-এর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ রিয়াদ হোসেন, নগদের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আনুব্বাব রহমান এবং রেনাটা পিএলসির এইচআর শেয়ার্ড সার্ভিস ম্যানেজার জানশের আল সাবাহ খান। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্লু কাইট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবু নাসের আমিন উল্লাহ। আলোচনায় পরিবর্তনশীল কর্মবাজারের চাহিদা, নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা এবং কর্মসংস্থানের নতুন প্রবণতা নিয়ে মতবিনিময় হয়। এ সময় শিক্ষার্থীরা করপোরেট খাতের প্রতিনিধিদের কাছে নিজেদের বিভিন্ন প্রশ্ন তুলে ধরার সুযোগ পান।
অনুষ্ঠানে বিশেষ সেশনে বক্তব্য দেন দারাজের এইচআর ম্যানেজার ফাহাম কবির। ‘সিভি তৈরি ও ক্যারিয়ার উন্নয়নে এআইয়ের ব্যবহার’ শীর্ষক সেশনে প্রযুক্তির সহায়তায় কীভাবে কার্যকর সিভি তৈরি এবং পেশাগত উন্নয়নের পরিকল্পনা করা যায়, সে বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিডিজবস ডটকমের ক্যারিয়ার ইনসাইটস সেশনে ক্যারিয়ার পরিকল্পনা, সিভি উন্নয়ন, চাকরি অনুসন্ধানের কৌশল এবং নিয়োগপ্রক্রিয়ার সাম্প্রতিক প্রবণতা তুলে ধরা হয়। এসব সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়ার পাশাপাশি পেশাগত জীবনের প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে শুধু একাডেমিক জ্ঞান অর্জনই কর্মজীবনে সফলতার জন্য যথেষ্ট নয়। এর পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, প্রযুক্তিগত সক্ষমতা, পেশাগত নৈতিকতা এবং পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য অর্জন জরুরি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে চাকরির বাজারে যে পরিবর্তন আসছে, তার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে।
তারা আরও মনে করেন, বিশ্ববিদ্যালয় ও করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ এবং সমন্বয় বাড়ানো গেলে শিক্ষার্থীদের শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা সহজ হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাজীবীদের অভিজ্ঞতা থেকে শেখা, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত যোগাযোগের ক্ষেত্র সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
