নওগাঁর মহাদেবপুরে উপজেলার ১০টি ইউনিয়নের ৯৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের এম এ হাদী উদ্যানে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইমরুল কায়েস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে দফাদার ও মহল্লাদারসহ ৯৭ জন গ্রাম পুলিশের প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, মাদক নির্মূলে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকে দায়িত্ব পালন করেন। ফলে এলাকার বিভিন্ন ঘটনা ও অপরাধ সম্পর্কে তাঁদের কাছে সবার আগে তথ্য থাকে।
তিনি বলেন, গ্রাম পুলিশরা নিষ্ঠার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূলসহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করা সহজ হবে। এলাকায় কোনো ধরনের অপকর্ম বা দুর্নীতি হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্যও তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান।
এমএ
