বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নারী ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বাংলাদেশের মেয়েদের এক ধাপ উন্নতি হয়েছে। ১০৭তম স্থান থেকে ১০৬তম স্থানে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমাদের দল।
বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হজম করে ৬ গোল। দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও বাংলাদেশের পয়েন্ট কমেছে যথাক্রমে মাত্র ০.০৬ ও ০.২৮। কারণ, দুই দলের সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ব্যবধান ছিল প্রায় ১০০ ধাপ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে গোলশূন্য ড্র করায় বাংলাদেশের পয়েন্ট ৪.৬৪ বেড়ে হয়েছে ১১৭৫.৩৫। গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ওই র্যাঙ্কিং উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি করায় ফিফার শিরোনামেও উঠে এসেছিল বাংলাদেশ।
বাংলাদেশের সঙ্গে ড্র করায় মিয়ানমার এক ধাপ পিছিয়ে ৫৫তম থেকে ৫৬তম স্থানে নেমেছে। র্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগিয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে ড্রয়ের পর মিয়ানমারের পয়েন্ট কমেছে ৫.৫৪।
