নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চাই পারে যুব সমাজকে মাদক, জুয়াসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিকভাবে গঠন করার পাশাপাশি মাদকমুক্ত একটি সুস্থ্য-সুন্দর সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফ্রেন্ডস ব্যাচ-২১ এর উদ্যোগে আয়োজিত 'সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-২ (সদর)আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ উপরোক্ত এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজকের তরুণ ও যুব সমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। কিন্তু অপসংস্কৃতি, জুয়া ও মাদকের করাল গ্রাস আমাদের তরুণদের সুপ্ত প্রতিভাকে ধূলিসাৎ করে দিচ্ছে। কিশোর ও তরুণদের এই বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। ফ্রেন্ডস ব্যাচ-২১ যে আয়োজক হিসেবে এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সুস্থ্য ক্রীড়া চর্চা কেবল শহরেই নয়, গ্রাম-গঞ্জের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। যুব সমাজ যদি খেলার মাঠে ব্যস্ত থাকে, তবে তারা কখনো অপরাধমূলক কাজে জড়াবে না।
ফ্রেন্ডস ব্যাচ-২১ এর পরিচালনা কমিটির সভাপতি হেলাল হোসেন বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং ক্রীড়ামুখী করতে ফুটবলকে হ্যা বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করেছি। খেলায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড আমীর মোস্তাফিজার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান, সাফি, তুর্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াই করে সিংদই মাঝাপাড়া ফুটবল একাদশ ও শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ। আয়োজকরা জানান, স্থানীয় যুবকদের ক্রীড়ামুখী করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে শহরের ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মোশাররফ হোসেন পিয়াসের গোলে শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ' জয় লাভ করে।
