রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৫০ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁওয়ে ৭৬, মতিঝিলে ৬৮, ওয়ারীতে ৫০, লালবাগে ৪১, রমনায় ৩৭, উত্তরা বিভাগে ৩৫ এবং গুলশানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগে সাতজন ও সিটিটিসি বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩টি ইয়াবা, তিন গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
