নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থান ও সুদৃঢ় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর-এর অধীনে প্রায় দুই হাজার বিজিবি সদস্য ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ৪৯ বিজিবির অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ দক্ষিণ-পশ্চিম সীমান্তের ৭টি জেলার ৩৭টি উপজেলায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপে বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৮টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৯টি এবং যশোর শহরের ২০টিসহ মোট ৪৯টি পূজামণ্ডপে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জ জেলায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যশোর রিজিয়ন থেকে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
যেকোনো ধরনের নাশকতা, দুষ্কৃতকারীদের অপতৎপরতা ও সীমান্তবর্তী চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার এবং অন্যান্য আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, বাংলাদেশ বিশ্ব দরবারে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্মীয় উৎসব যেন সম্পূর্ণ নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে মাঠে থাকবে।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বস্তরের নাগরিক, মণ্ডপ কর্তৃপক্ষ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
