কালবেলা · রাজনীতি
শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
১৫/১০/২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে এক স্কুলশিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা, অন্যদিকে বিচারের দাবিতে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে আফজাল মোল্লার বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি।
শিক্ষিকা একরামুন্নেছা বিউটির অভিযোগ, ২০২৪ সালের ১০ থেকে ১২ আগস্টের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে আফজাল মোল্লার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের নির্দেশে লাইব্রেরিতে প্রবেশ করে আফজাল মোল্লা তাকে প্রথমে লাঞ্ছিত করেন, পরে কিল-ঘুষি মেরে আহত করেন।
এ সময় অন্য শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ করে আফজাল মোল্লা চলে যান বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ক্লাস বর্জন করেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফজাল মোল্লা মোবাইল ফোনে বলেন, ‘বিউটি আওয়ামী লীগের দালাল।’ এ বিষয়ে সরাসরি কথা বলবেন জানিয়ে তিনি ফোনে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ‘ঘটনা তদন্ত চলছে। বিষয়টি দেখব।’
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। দলের কেউ অন্যায়ের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗