অস্ট্রেলিয়ার ব্রিসবেনের কাছে একটি বক্সিং ইভেন্টের বাইরে গাড়ি থেকে গুলি চালানোর ঘটনায় ১৯ বছর বয়সি এক তরুণীসহ চারজন আহত হয়েছেন। তরুণীটির মাথা ও ঘাড়ে গুলি লেগেছে। অস্ত্রোপচারের পরও তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত ৮টা ১৮ মিনিটের দিকে ব্রিসবেনের দক্ষিণে লোগানহোম এলাকায় ফিটজিস নামের একটি প্রতিষ্ঠানের বাইরে এ ঘটনা ঘটে। সেখানে বক্সিং প্রতিযোগিতা দেখতে আসা লোকজন যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে জড়ো হয়েছিলেন। এ সময় একটি মিতসুবিশি গাড়ি সেখানে এসে থামে।
কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা পরিদর্শক ইয়ান গ্যালপিন জানান, গাড়িটির সামনের জানালা দিয়ে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তাদের মুখে বালাক্লাভা ও হাতে গ্লাভস ছিল বলে পুলিশের ধারণা। গুলিতে চারজন আহত হন।
আহত ১৯ বছর বয়সি তরুণী জিমবুম্বার বাসিন্দা। এ ছাড়া ব্রাউনস প্লেইন্সের ৩৮ বছর বয়সি এক ব্যক্তি পেটে ও হাতে, স্যালিসবারির ৩৭ বছর বয়সি আরেক ব্যক্তি পেটে এবং কর্নুবিয়ার ২৭ বছর বয়সি এক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হন। বাকি তিনজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গুলির ঘটনার পর মিতসুবিশি গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়াটারফোর্ড ওয়েস্টের ম্যালোনি রোডে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাটিকে অপরাধস্থল ঘোষণা করেছে পুলিশ। পরে অন্য একটি গাড়িতে করে মিতসুবিশির আরোহীরা সেখান থেকে চলে যান।
গ্যালপিন বলেন, গাড়িটির আরোহীদের মধ্যে কেউ এ ঘটনায় আহত বা আগুনে পুড়ে গিয়ে থাকতে পারেন। তবে ঘটনার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি।
তিনি বলেন, এটি একটি জনসমাগমস্থলে ভয়াবহ ঘটনা। সেখানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও একটি ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
লোগানের মেয়র জন রেভেন এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন। রোববার সকালে টুডে শোকে তিনি বলেন, এমন ঘটনা লোগানে আগে দেখা যায়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি জানান, বক্সিং প্রতিযোগিতাটি ছিল পরিবারবান্ধব একটি আয়োজন। সেখানে অনেক শিশুও উপস্থিত ছিল। এ ঘটনার প্রভাব তাদের জীবনে দীর্ঘদিন থেকে যেতে পারে।
কুইন্সল্যান্ড পুলিশের উপপ্রধান ক্রিস স্ট্রিম ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। আয়োজকরা তরুণদের সহিংসতা থেকে দূরে রাখতে বক্সিংকে ইতিবাচক মাধ্যম হিসেবে ব্যবহার করছিলেন বলে জানান মেয়র রেভেন।
‘লোগান সিটি টাইটেলস’ নামে আয়োজক সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তারা মর্মাহত। স্থানীয় প্রতিভা, কঠোর পরিশ্রম ও ক্রীড়ানৈপুণ্য তুলে ধরার জন্য পারিবারিক পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। বক্সিং কিংবা বৃহত্তর সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।
ঘটনায় জড়িত ব্যক্তিরা এখনো পলাতক। তবে এ মুহূর্তে সাধারণ মানুষের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি রয়েছে বলে মনে করছে না পুলিশ। ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।