নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এসব সড়কের উদ্বোধনী ফলক উন্মোচন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সড়কগুলোর উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, চারটি সড়কের উন্নয়নে পৃথকভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৪৫০ মিটার এবং প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা।
ভুতুলিয়া–মাকনা কোমলগোটা সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৩৫ মিটার, ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা।
ভবানীনগর ব্রিজ–নামা কুজাগাড়ী সড়কের দৈর্ঘ্য ১ হাজার মিটার এবং প্রাক্কলিত ব্যয় ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা।
অন্যদিকে ভীমপুর বাজার–সোনারপাড়া সড়কের দৈর্ঘ্য ৮৫০ মিটার, এর উন্নয়নে ব্যয় হবে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. স. ম. আল কাফী তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ।
এ ছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বিআলো/আমিনা